ব্যথার ওষুধ বেশি খাচ্ছেন স্মার্টফোনে আসক্তরা বলছে গবেষণা

১১ মার্চ, ২০২০ ১৩:৪৯  
মাথাব্যথায় বেশি পেন কিলার খাচ্ছেন স্মার্টফোনে আসক্তরা। এমনই এক তথ্য উঠে এসেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক‌্যাল সায়েন্সেস-এর গবেষণায়। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, চারশো জনের উপর এক সমীক্ষা চালায় গবেষকরা। সেখানে সবার মধ্যে একটি কমন বিষয় খুঁজে পান গবেষকরা। তা হল মাথা ব‌্যথা। আর সেই মাথা ব‌্যথার প্রকারের মধ্যে ছিল নানা রকমফের। যেমন মাইগ্রেন, টেনসনের জেরে মাথাব‌্যথা প্রভৃতি। সমীক্ষায় এই চারশো জনের প্রত্যেককেই একটি ‘কমন’ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আর তা হল, তারা কী ধরনের ফোন ব‌্যবহার করেন? উত্তরে ২০৬ জন জানান, তারা স্মার্টফোন ব‌্যবহার করেন। আর বাকি ১৯৪ জন উত্তর দেন, তারা মোবাইল ফোন ব‌্যবহার করেন ঠিকই। কিন্তু তা স্মার্টফোন নয়। সাধারণ মোবাইল ফোন। এরপর সমীক্ষার যে ফলাফল বের হয়, তা প্রকাশিত হয় আমেরিকান অ‌্যাকাডেমি অফ নিউরোলজির সরকারি জার্নাল ‘নিউরোলজি ক্লিনিক‌্যাল প্র‌্যাকটিস’-এ। ফলাফল ছিল রীতিমতো চাঞ্চল‌্যকর। জানা যায়, যারা স্মার্টফোন একেবারেই ব‌্যবহার করতেন না, তাদের ক্ষেত্রে মাথাব‌্যথা হওয়ার ধাত এবং ব‌্যথার প্রাবল‌্য, দুই-ই যারা স্মার্টফোন ব‌্যবহার করেন, তাদের তুলনায় অনেকটাই কম। গবেষকরা এ-ও বলেন যে, স্মার্টফোন ব‌্যবহার যারা করেন না, সেই দলের বেশিরভাগ সদস‌্যই ছিলেন প্রবীণ, নয় স্বল্প শিক্ষিত। শুধু তাই নয়, এদের অনেকেরই আর্থ-সামাজিক অবস্থা স্মার্টফোন ব‌্যবহারকারীদের তুলনায় ছিল অনেকটাই নিচে। সমীক্ষার ফল অনুযায়ী তাই, স্বাভাবিকভাবেই এই যুক্তিতে আসা গিয়েছে যে, যেহেতু স্মার্টফোন ব‌্যবহার করলে মাথা বেশি ব‌্যথা হয়, তাই সেই ব‌্যথা কমাতে পেন কিলারজাতীয় ওষুধ বেশি বেশি খেতে হয়। আর তাই স্মার্টফোন ব‌্যবহারকারীরা মাথা ব‌্যথা কমাতে বেশি বেশি পেন কিলার ওষুধ খান। ডিবিটেক/এটি